উত্তরায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

সিপি. ইনভেস্টিগেশন এজেন্সি: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়ক সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্টহাউজে প্রকাশ্যেই দেহ ব্যবসা চলার অভিযোগ উঠেছে। বিশেষ করে হোটেল গ্রীন গার্ডেন, হোটেল রংধনু ও হোটেল প্রাইম ইন আবাসিককে কেন্দ্র করে এই অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য ভিজিটিং কার্ড। এসব কার্ডে বিভিন্ন ছদ্মনাম ও মোবাইল নম্বর দেওয়া থাকে। পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্য কৌশলে এসব কার্ড ছড়িয়ে রাখা হয়। অনেক ক্ষেত্রে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও কৌতূহলবশত এসব কার্ড হাতে নেয়, যা তাদেরকে অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ভিজিটিং কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে দেহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে বোঝা যায়, একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়মিতভাবে এ ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে।

এলাকাবাসী ও কয়েকজন দোকানদারের সাথে কথা বলে জানা যায়, এই অবৈধ ব্যবসা পরিচালনার পেছনে একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি, প্রভাবশালী মহল, এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও নামধারী সাংবাদিকদের মাসোহারা দিয়েই এ কার্যক্রম চালানো হচ্ছে। ফলে প্রকাশ্যেই এমন কর্মকাণ্ড চললেও দৃশ্যমান কোনো প্রতিরোধ গড়ে উঠছে না।

প্রশ্ন উঠেছে—এত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায়, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, সেখানে কীভাবে এমন অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলতে পারে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি সম্পর্কে অবগত নন, নাকি অবগত হয়েও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না—এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি সম্প্রতি ২৯/০৩/২০২৬ তারিখে এখানে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তবে আপনারা যেহেতু জানিয়েছেন, আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

অন্যদিকে, একই বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সচেতন মহলের মতে, এভাবে দেহ ব্যবসা অবাধে চলতে থাকলে সমাজের তরুণ প্রজন্ম বিশেষ করে কিশোর-কিশোরীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। নৈতিক অবক্ষয়ের পাশাপাশি এতে বাড়তে পারে নানা অপরাধ প্রবণতা।

তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে এই অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।