উন্নয়ন লিফলেট বিলিতে মাদ্রাসা শিশুরা!

নিজস্ব প্রতিবেদকঃ তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে আসন্ন সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে অংশগ্রহনেচ্ছু সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন।

বিভিন্ন এলাকার প্রধান সড়কসহ অলিগলির দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সাঁটানো পোস্টার। প্রচার-প্রচারণায় বিরোধী রাজনৈতিক দলের চেয়ে সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা বেশী এগিয়ে আছেন।

দল থেকে এখনও চুড়ান্ত মনোনযন না দেয়ায় সরকারদলীয় প্রার্থীরা শুধুই নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। এ তালিকায় বর্তমান ও সাবেক সাংসদ ও ওয়ার্ড কমিশনাররাও রয়েছেন।

নির্বাচনে অংশগ্রহনেচ্ছু সরকার দলীয় প্রার্থীরা সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার প্রচারণায় শিশুদের মাঠে নামিয়েছেন। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মাঝে উন্নয়ন ফিরিস্তি সম্বলিত প্রচারপত্র বিলিতে ক্ষুদে শিশুদের দেখা গেছে। মাদরাসার ক্ষুদে শিশুদের প্রচারপত্র বিলি করতেও দেখা গেছে।

শুক্রবার লালবাগের নতুন পল্টন লাইনের আল হেরা জামে মসজিদে জুমার নামাজ শেষে দু’পাশের প্রবেশপথে পাঞ্জাবি ও পায়জামা পরিহিত কয়েকজন শিশুকে ঢাকা -৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের একজন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করতে দেখা যায়।

শিশুদের সাথে কথা বলে জানা গেছে, তারা এলাকারই একটি মাদরাসার ছাত্র। নির্দিষ্ট অংকের পারিশ্রমিকের বিনিময়ে তাদের কয়েকজনকে বিভিন্ন মসজিদে লিফলেট বিতরনের দায়িত্ব দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মুসল্লি বলেন, গত কয়েক সপ্তাহ থেকে তারা লক্ষ্য করছেন এবার নির্বাচনী প্রচার-প্রচারণায় শিশুদের বিশেষ করে মাদরাসার শিশুদের অধিক অংশগ্রহণ দেখা যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে আরও শিশুদের রাজপথে নামানো হবে বলে মনে করেন তারা।