নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে এখনো ঈদের আমেজ। ঈদের দু’দিন পার হলেও চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। অন্যদিকে ঈদের ছুটির রেশ থাকায় বন্দরনগরী এখনো ফাঁকা। মানুষ ঈদআনন্দ কুড়োতেই ব্যস্ত। ফাঁকা নগরীতে বিনোদনের প্রায় সব কেন্দ্রেই হাজার হাজার মানুষের ভিড়। সবচেয়ে বেশি মানুষের সমাগম চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত আর চট্টগ্রাম চিড়িয়াখানায়। নানা পশুপাখিতে সমৃদ্ধ চট্টগ্রাম চিড়িয়াখানায় ঈদের পরদিন থেকে প্রতিদিন গড়ে ১৫ হাজার দর্শনার্থী ভিড় করছে। অপরদিকে উন্মুক্ত চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা যেন আরো বেশি। সরেজমিন ঘুরে দেখা যায়, চট্টগ্রাম মহানগরীতে এখনো সব রাস্তাঘাট প্রায় ফাঁকা। বিভিন্ন শপিং মল, ব্যাংক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ। রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে অত্যন্ত কম। নগরীর কোথাও কোন ভিড় নেই, ট্রাফিক জ্যাম নেই। চট্টগ্রামে বিনোদনের প্রধান আকর্ষন চট্টগ্রাম চিড়িয়াখানা। চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন রাইজিংবিডিকে জানান, ঈদের পর দিন থেকে চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার দর্শক সমাগম হচ্ছে। বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় পশু-পাখিতে সমৃদ্ধ এবং সম্প্রতি চিড়িয়াখানায় বাঘ্শাবকের জন্ম নেওয়ায় এখানে দর্শক আকর্ষন আরও বেড়েছে। এছাড়া চিড়িয়াখানার ভিতরে শিশুদের জন্য বিনোদন পার্ক থাকায় শিশুরা পশু-পাখি দেখার পাশাপাশি পার্কে খেলাধুলায় মেতে থাকতে পারছে। আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন করে পক্ষীশালা (অ্যাভিয়ারি পার্ক) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন রুহুল আমীন। চট্টগ্রাম চিড়িয়াখানা ও পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও নগরীর নেভাল একাডেমি বিচ, ফয়েজ লেক ওয়াটার পার্ক, সিআরবি, চট্টগ্রাম শিশু পার্ক, জাম্বুরি মাঠ পার্কেও ঈদের পরদিন থেকেই হাজার হাজার মানুষের ভিড় রয়েছে।


