এই সংকটকালীন মুহূর্তে সরকারকে সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান ডা. জাফরুল্লাহর

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতির দুর্যোগ মুহূর্তে আমরা কেউ আলাদা না। তাই সবাইকে নিয়ে  সরকারকে একটি সর্বদলীয় কমিটি করার আহ্বান জানাই। দেশের এই সংকটকালীন মুহূর্তে আমরা কেউ আলাদা নই। আমরা সবাই এক। তাই সরকারের উচিত সবাইকে নিয়ে একটি সর্বদলীয় কমিটি করা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দুস্থ পরিবারের জন্য মাসিক খাদ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন থেকে ৫ এপ্রিল কিট আসবে। এই কিট আনতে সরকারের ফরেন মিনিস্টার ও আমাদের চায়নার অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান যথেষ্ট সহায়তা করেছেন। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এই কিটের নমুনা আগামী ১০ তারিখের মধ্যে সরকারের কাছে তৈরি করে হস্তান্তর করা হবে।
প্রথম পর্যায়ে এপ্রিল মাসের মধ্যেই গণস্বাস্থ্য কেন্দ্র এক লাখ করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কিট উৎপাদন করবে বলেও তিনি জানান।
তিনি বলেন, দেশের এই অবস্থায় আমরা মনে করছি দারিদ্র্য আরো বেড়ে যাচ্ছে। সামাজিক দূরত্বটা যেমন প্রয়োজন আছে তেমনি খেয়াল রাখতে হবে সামাজিক বৈষম্যটা যাতে না বাড়ে। গরিব লোকদের যেহেতু কাজকর্ম নেই এজন্য আমরা স্থির করেছি প্রতিমাসে অন্তত ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করবো। আমরা ২৫ কেজির একটি সাপ্লিমেন্ট দেবো। যাতে একটি পরিবার চলতে পারে। এতে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, সাবান ১টা, আধা কেজি লবণ ও ৫০ গ্রাম শুকনা মরিচ আছে।
এই সহায়তা কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত এটি ছয় মাস চালু থাকবে তারপর পরিস্থিতি যদি ভালো হয়ে যায় সে ক্ষেত্রে আলাদা বিষয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজধানীর ভাসমান মানুষদের বলবো আপনারা যেখানেই থাকেন দুই হাত দূরে দূরে থাকুন। আপনাদের খাবার পৌঁছে দেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে দুই ট্রাক খাদ্য জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়। বাকি সাত ট্রাক গাইবান্ধা, শ্রীপুর, দৌলতদিয়াসহ বেশ কয়েকটি জেলায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমি মনে করি এক কোটি পরিবারের এটি প্রয়োজন রয়েছে। এক কোটি পরিবার পেলে পাঁচ কোটি মানুষের চাহিদা মিটবে। হিসাবটা খুব সোজা। সবাই জানেন আমাদের দেশে ২২ শতাংশ মানুষ আমাদের দরিদ্র।
তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি সমস্যা সমাধানের জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা প্রয়োজন। এই টাকাটা হলে সমস্যা সমাধান হবে।