এক উইকেটের দরকার সাকিবের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রামঃ ২০১৪ সালে এশিয়া কাপের আগে তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে রাজসিক প্রত্যাবর্তন করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সাকিবের এক যুগের ক্যারিয়ারে এমন প্রত্যাবর্তনের উদাহরণ পাওয়া যাবে আরও বেশ কয়েকটি।

যে তালিকায় আজ নতুন করে যোগ হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্ট। বাঁ-হাতের ইনজুরিতে মাঠ থেকে ছিটকে পড়ার আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট খেলেছিলেন সাকিব। মাঝে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। আবার ফিরলেন সেই ক্যারিবীয়দের বিপক্ষেই, তবে ঘরের মাঠে।

আর ফেরাটা কি দারুণভাবেই না সাজিয়ে রাখলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে ফিরে নিজের প্রথম বলেই নিয়েছেন উইকেট, প্রথম ওভারে আরও একটি। উইকেটের পেছনে মুশফিকুর রহীম ক্যাচ না ছাড়লে এক ওভারেই তিন উইকেট হয়ে যেত সাকিবের। পরে ব্যক্তিগত চতুর্থ ওভারের চতুর্থ বলে ক্যাচ ছাড়েন মোস্তাফিজুর রহমান। না হলে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশ উইকেট হয়ে যেত সাকিবের।

তখন না হওয়া দুইশ উইকেট, হয়নি পুরো ইনিংসেই। সাকিবের জোড়া উইকেটের পর ক্যারিবীয় ইনিংসে চললো অভিষিক্ত নাঈম হাসানের অফ স্পিন ভেলকি। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি। একটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয়ার পথে ইনিংসের একদম শেষ উইকেটটি নেন সাকিব। ১৯৬ উইকেট নিয়ে খেলা শুরু করে তার উইকেট সংখ্যা এখন ১৯৯। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র একটি উইকেট নিতে পারলেই প্রথম বাংলাদেশি ও সবমিলিয়ে ৭২তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করবেন সাকিব।

বোলারদের মধ্যে ৭২তম হলেও অলরাউন্ডার হিসেবে দুইশ উইকেট নিয়ে বেশ উপরের দিকেই থাকবেন সাকিব। ব্যাট হাতে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত তার সংগ্রহ ৩৭২৬ রান। টেস্ট ক্রিকেট ইতিহাসে ব্যাট হাতে ৩৫০০ প্লাস এবং বল হাতে দুইশ উইকেটের ডাবল নেয়া মাত্র নবম ক্রিকেটার হবে তিনি। তার আগে এই ডাবল নিতে পেরেছেন ছয় দেশের আটজন ক্রিকেটার।