ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালের মার্চে নাগপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দিয়েছিল আফগানিস্তান। এক বছর পর ক্যারিবীয়দের আবার পরাজয়ের মালা গলায় পরাল আফগানরা।
সেন্ট লুসিয়ায় কাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়েছে আফগানিস্তান। ২১২ রানের পুঁজি নিয়েও আফগানিস্তানের এমন বড় জয়ের নায়ক রশিদ খান। এই লেগ স্পিনারের ঘূর্ণিতেই স্বাগতিকরা গুটিয়ে গেছে মাত্র ১৪৯ রানে। রশিদ ১৮ রানে নিয়েছেন ৭ উইকেট- ওয়ানডে ইতিহাসের চতুর্থ সেরা বোলিং।
এক নজরে ওয়ানডে ইতিহাসের সেরা পাঁচ বোলিং দেখে নিন:
চামিন্দা ভাস (৮/১৯, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
২০১১ সালে কলম্বোয় ৮ ওভারের একটা স্পেলে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার ভাস। ওয়ানডেতে তখনকার সর্বনিম্ন ৩৮ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। সফরকারীদের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল একজন! পাঁচজনই শূন্য। ১৯ রানে ৮ উইকেট নিয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েন ভাস।
শহীদ আফ্রিদি (৭/১২, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
২০১৩ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২২৫ রান তাড়া করতে নেমে আফ্রিদির অসাধারণ বোলিংয়ে ৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। আফ্রিদি ৯ ওভারে ১২ রানে নেন ৭ উইকেট। এর আগে তিনি ব্যাট হাতে খেলেন ৫৫ বলে ৭৬ রানের ইনিংস।
গ্লেন ম্যাকগ্রা (৭/১৫, প্রতিপক্ষ নামিবিয়া)
২০১৩ বিশ্বকাপে পচেফস্ট্রুমে অস্ট্রেলিয়ার দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল নামিবিয়া। কিন্তু ম্যাকগ্রার দুর্দান্ত বোলিংয়ে নামিবিয়া অলআউট হয়ে যায় মাত্র ৪৫ রানে। অস্ট্রেলিয়ার ২৫৬ রানের জয়ে ৭ ওভারে ১৫ রানে ৭ উইকেট নেন ম্যাকগ্রা।
রশিদ খান (৭-১৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
রশিদের এই বোলিংটা নতুন করে আর না বললেও চলছে। তার ১৮ রানে ৭ উইকেট শিকারেই তো কাল উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
অ্যান্ডি বিকেল (৭/২০, প্রতিপক্ষ ইংল্যান্ড)
বিকেলের বোলিংটাও ২০০৩ বিশ্বকাপে। পোর্ট এলিজাবেথে বিকেলের মিডিয়াম পেসে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২০৪ রানে। ১০ ওভারে ২০ রানে ৭ উইকেট নেন বিকেল। এই রান তাড়া করতে নেমেই যদিও ঘাম ছুটে গিয়েছিল অস্ট্রেলিয়ার, রিকি পন্টিংয়ের দল ২ উইকেটে ম্যাচ জিতেছিল ২ বল বাকি থাকতে।
ওয়ানডেতে ৭ উইকেট আছে আরো ছয়জনের- মুত্তিয়া মুরালিধরন, টিম সাউদি, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ, ইমরান তাহির, উইনস্টন ডেভিস।


