মেহেদী হাসান, যশোর থেকে ফিরেঃ— বৃহস্পতিবার যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি সফটওয়্যার পার্কে আয়োজন করা হয়েছিল দিনব্যাপী চাকরি মেলা। একটি চাকরির জন্য সকালে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে এসেছিলেন চৌগাছার প্রহ্লাদ পাল। কিন্তু পুলিশি বাঁধায় তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি। বিকেলে অবশ্য সিভি জমা দিয়েছেন। কিন্তু আদৌ চাকরি হবে কি না সংশয়ে আছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে বেকার সম্পর্কে কর্তৃপক্ষের ধারণা নেই। প্রচুর পরিমাণ বেকার রয়েছে। তারা চাকরির খবর পেলেই হুমড়ি খেয়ে পড়ে। আইটি পার্কে কয়েক হাজার লোক নেওয়া হবে, এমন গুঞ্জনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা ছুটে এসেছে। সুষ্ট ব্যবস্থাপনার অভাবে সিভি জমা দিতে এসে নাজেহাল হতে হয়েছে। পুলিশ জমা নিয়েছে সিভি। ওই সিভির ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে।’
যশোর শহরের আরেক বাসিন্দা মোঃ আজিজুর রহমান (জিকো) বলেন, ‘এত্ত বেকারের সমাগমে আনন্দিত হওয়ার কিছু নেই। চাকরির জন্য মানুষ হন্যে হয়ে ঘুরছে। তাদের চাকরি নিয়ে যেন কেউ প্রতারণার আশ্রয় না নেয়, সেটি খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’
মণিরামপুর থানার অমরেশ বলেন, ‘মেলায় সিভি জমা দিতে পারিনি। তাই বাইরে বক্সে জমা দিয়েছি। শেষ পর্যন্ত সিভি পৌঁছবে কি না জানি না। চাকরিটা খুবই প্রয়োজন।’
যশোর শহরের আরবপুরের বাসিন্দা সুজন মিয়া বলেন, ‘বিকেলে এসে বাইরে বক্সে সিভি জমা দিয়েছি। এই সিভির ভবিষ্যৎ কি সেটি এখনও নিশ্চিত না। শুধু প্রহ্লাদ পাল, জিকো কিংবা অমরেশ নয়, তাদের মত প্রায় ২০ হাজার তরুণ তরুণী বৃহস্পতিবার সকালে যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে দিনব্যাপী চাকরি মেলায় আসে।
এদিকে মেলার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে অনেকে বলেছেন, এটা চাকরি মেলা নয়, কষ্টদায়ক বেকার মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরি প্রার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মেলায় অংশ নেওয়া ৩১টি চাকরিদাতা প্রতিষ্ঠানে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়ার কথা প্রার্থীদের। দিনেই ভাইভা শেষে চাকরি দেওয়া হবে। আর আয়োজকদের ধারণা ছিল সর্বসাকূল্যে ৩ হাজার আবেদনকারীর সমাগম ঘটতে পারে। কিন্তু সকাল সাড়ে ১০টার মধ্যে পার্ক চত্ত্বরে বিপুল লোক সমাগম ঘটে। পরিস্থিতি সামাল দিতে মেলা স্টলে চাকরি প্রত্যাশীদের প্রবেশ বন্ধ করে দেয়। এরপর বাইরে বাক্সে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। অনেকে প্রশ্ন তোলেন এই জীবনবৃত্তান্ত শেষ পর্যন্ত আদৌ জমা হবে কি না।
জানতে চাইলে চাকরিদাতা প্রতিষ্ঠান ওয়ালটনের ফাস্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর কাজী জাহিদ হাসান বলেন, আমাদের কোম্পানিতে বিপুল সংখ্যক সিভি জমা হয়েছে। যারা সরাসরি সিভি জমা দিয়েছে, সেইগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এরপর প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে যারা বাইরে বক্সে সিভি জমা দিয়েছেন, সেইগুলোর ব্যাপারে এখনও কোনো নির্দেশনা পাইনি।
মেলায় অংশ নেওয়া জিডিকনের মানবসম্পদ বিভাগের নির্বাহী ফারহাইন উদ্দিন বলেন, মেলায় ব্যাপক সাড়া পড়েছে। প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক প্রার্থীর সিভি পেয়েছি। ২০০ পদের বিপরীতে ২ হাজারের বেশি সিভি জমা পড়েছে সরাসরি। সেগুলো আমরা ডাটা এন্টি করবো। এরপর চূড়ান্ত করা হবে প্রার্থী।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেখ হাসিনা যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি সফটওয়্যার পার্কের পরিচালক (যুগ্ম সচিব) জাহাঙ্গীর আলম বলেন, টার্গেট ছিল ৩ হাজার চাকরি প্রার্থীর আগমন ঘটবে। সেখানে প্রায় ২০ হাজার প্রার্থীর সমাগম ঘটেছে। এক পর্যায়ে পুলিশ নিরাপত্তার প্রশ্নে মেলার স্টলে চাকরি প্রার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়। এজন্য বেশিরভাগ প্রার্থী সরাসরি পছন্দের কোম্পানিতে সরাসরি সিভি জমা দিতে পারেনি। তবে যারা বাইরে বক্সে সিভি জমা দিয়েছে। ওইসব সিভি আমরা সংরক্ষণ করছি। প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডাটাবেজ করবো।


