এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদাকে জেল দিয়েছেন আদালতঃ মাহবুবুল আলম

কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদাকে জেল দিয়েছেন আদালত। একমাত্র আদালতই পারেন তাকে মুক্তি দিতে। তাই আন্দোলন ও বিদেশিদের কাছে নালিশ করে তাকে মুক্ত করা যাবে না।’ তিনি বলেন, ‘বিএনপি এখন দেওলিয়া হয়ে গেছে। তাই তাদের রাজনীতি এখন নালিশ করা। এ দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে আসলো আর না আসলো তার জন্য নির্বাচন থেমে থাকবে না।’ বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্মার্ট পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ক্যাডাররা ঢুকে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তপূর্বক বিচার দাবি করছি। সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের অনেক দাবি মেনে নিয়েছে। বাস্তবায়ন শুরু হয়ে গেছে।’ ‘সড়ক মৃত্যুর মিছিল যাতে কমে আসে সেজন্য কঠোর আইন করা হয়েছে। আইনের প্রয়োগে শুরু হলেই বাংলাদেশের সড়ক নিরাপদ হওয়ার পাশাপাশি দুর্ঘটনা অনেক কমে আসবে,’ বলেন তিনি। স্মার্ট পরিচয়পত্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার সোহেল রহমান, এ ডি এম হাসান হাবিব, স্থানীয় সরকারের উপপরিচালক মোস্তাক আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।