এরপর কি হবে?

ক্রীড়া প্রতিবেদক : ২০১৩ সালে প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। আগামী ১৩ অক্টোবর শেষ হয়ে যাবে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। এরপর কি হবে?

বর্তমান বিসিবি সভাপতির দায়িত্ব কি নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ানো হবে নাকি নতুন কোনো অ্যাডহক কমিটি আসবে? বিসিবির তৈরি করা ২০১৭ সালের গঠনতন্ত্রে এমন কোনো নির্দেশনা দেয়া নেই। এজন্য নাজমুলের নেতৃত্বাধীন প্যানেলের ভাগ্যে কি থাকছে তা নির্ধারণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ বাড়াতে পারে, আবার অ্যাডহক কমিটিও আনতে পারে।

বিসিবির সংশোধিত গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদনের পর বোর্ড মিটিংয়ে বসবে বিসিবির পরিচালকরা। সেখানে নির্বাচন কমিশন নির্ধারণ হবে। নির্বাচন কমিশন এরপর বিসিবির নির্বাচন করবে। তবে ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনা করবে কে? বিশেষ সূত্রের খবর, অ্যাডহক কমিটি বিসিবিতে দায়িত্বে আসার কোনো সম্ভাবনা নেই! নাজমুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পরিষদের দায়িত্ব নির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হবে!

তাদের অধীনেই হবে ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচন। আজ বিসিবির সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা শেষে নাজমুল হাসান পাপন গণমাধ্যমের মুখোমুখি হন। চলতি বোর্ড দায়িত্ব চালিয়ে যেতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে তার কন্ঠে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যদি মনে করে ‘এক্সটেনসন’ করা উচিত তাহলে তা করতে পারবে। গঠনতন্ত্রে আছে, নির্বাচনের ১৫ কার্যদিবসের পর ১৬ কার্যদিবসে নতুন নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই কমিটি। আমরা যদি সময় শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করে দেই তাহলে যারা জিতে আসবে তাদেরকে এ সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করব। এখানে একটা সুবিধাও হয় যে বোর্ড পরিচালনায় ধারাবাহিকতা থাকে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ২৬ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। বোর্ড সভাপতি জানালেন, এখনও হাইকোর্টের রুলের কপি হাতে পায়নি বিসিবি। কাগজ পাওয়ার পর চার সপ্তাহ সময় হাতে আছে বলে নিশ্চিন্ত বিসিবি। তাই বিসিবি কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই। বোর্ড সভাপতি বলেছেন, ‘আমরা এখনও কাগজ পাইনি। কাগজ পাওয়ার পর চার সপ্তাহ পর্যন্ত সময় আছে। এই সময়ে আমরা তো আর বিসিবিতে তালা ঝুলিয়ে রাখতে পারি না। আমাদের কার্যক্রম বন্ধ করে দিতে পারি না। আমাদের একটা টিম বাইরে খেলতে যাবে, একটা বাইরে খেলছে। ৯ তারিখ থেকে অকল্যান্ডে আইসিসির একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং রয়েছে। এগুলো থাকলে এগুলোর মধ্যে তো ধারাবাহিকতা থাকবে না। বিরাট ঝামেলার সৃষ্টি হবে। কাজেই যে সময় দিয়েছে এই সময়ের মধ্যেই আমাদের সমস্যাগুলো এবং যা যা গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করে ফেলতে পারব।