নিজস্ব প্রতিবেদকঃ ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ার কারণে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট জয়নুল আবেদীন। তিনি বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে মামলায় জড়ানো হয়েছে। তাই অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন অ্যাডভোকট জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেন একসময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ওইসময় বাকশাল তৈরি করার প্রতিবাদে একমাত্র তরুণ সংসদ সদস্য হিসেবে তিনি পদত্যাগ করেছিলেন।’
অ্যাডভোকট জয়নুল আবেদীনের ভাষ্য, একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে যেভাবে প্রশ্ন করতে হয় সাংবাদিক মাসুদা ভাট্টি সে ভাষায় প্রশ্ন করেননি। বরং আক্রমণাত্মক ভাষায় অসম্মানজনকভাবে প্রশ্ন করেছেন। এতে করে তিনি অসম্মানবোধ মনে করেছেন। আইনজীবী হিসেবে তারাও অসম্মানবোধ করছেন।
তিনি বলেন, ‘ব্যারিস্টার মঈনুল হোসেন মাসুদা ভাট্টির কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু মানহানির অভিযোগ এনে মাসুদা ভাট্টি মামলা করেছেন। ফৌজদারি কার্যবিধির ৫০০ ধারায় এসব মামলায় আদালত জামিন দিতে বাধ্য। বরং জামিন না দেয়া অপরাধ।’
জয়নুল আবেদীনের অভিযোগ, একই ঘটনায় একাধিক মামলা করার আইন নেই, তবুও করা হচ্ছে। তার (ব্যারিস্টার মইনুল হোসেন) বক্তব্যকে রাজনৈতিকভাবে নিয়ে যুবলীগের নেত্রীরা সারাদেশে মামলা করছেন। কারণ, এ দলের লোকেরা সংবিধান মানে না, আইন মানে না। এসব মামলাগুলো জামিনযোগ্য কিন্তু আদালত তাকে জামিনে না দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
প্রসঙ্গত, মানহানি মামলায় মঙ্গলবার (২৩ অক্টোবর) ব্যারিস্টার মঈনুল হোসনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম। এর আগে সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা, ভোলা, জামালপুর, ময়মনসিংহ, রংপুর ও কুড়িগ্রামে একটি করে এবং কুমিল্লায় দুটি মামলা করা হয়।
এসব মামলার মধ্যে ঢাকা, জামালপুর ও কুড়িগ্রামের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ব্যারিস্টার মইনুল।


