‘কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরোনো বিষয় ছিল’

শেরপুর সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরোনো বিষয় ছিল। হেফাজতের সঙ্গে কওমি মাদ্রাসার কোনো মিল নেই।

রোববার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সে জন্যই প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি প্রমুখ।

পরে বিকেলে ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

এর আগে সকাল ১১ টায় শেরপুর শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী।

উল্লেখ্য, শেরপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে ছয় কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন চার তলা থানা ভবন নির্মাণ করা হয়।