কনস্টেবল জালাল উদ্দীনের মৃত্যুতে আইজিপির শোক

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ সদস্য কনস্টেবল জালাল উদ্দীন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (৯ মে) রাতে এক শোকবাণীতে আইজিপি বলেন, দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার প্রথম দিন থেকেই পুলিশ করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে। করোনা প্রতিরোধে জনগণকে সেবা দিতে গিয়ে আজ জীবন দিলেন বীর পুলিশ সদস্য জালাল উদ্দীন খোকা। তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন দিয়ে জনসেবা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমি এ গর্বিত পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই।

জালাল উদ্দীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে পুলিশ সর্বোতভাবে তার পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, প্রিয় সহকর্মীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশ ও জনগণের সেবায় অবিচল থাকবো, দৃঢ় মনোবলের সঙ্গে এগিয়ে যাবো।

পুলিশ প্রধান বলেন, করোনা আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের সু‌চি‌কিৎসায় স‌র্বোচ্চ অগ্রা‌ধিকা‌র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে করোনা আক্রান্ত ১১৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।