নিজস্ব প্রতিবেদকঃ তৃতীয় ধাপের নির্বাচনে কম-বেশি ৩৫ শতাংশ ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলেও স্বীকার করেন তিনি।
এ ধাপে খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানিয়ে সিইসি বলেন, সেগুলো এমন নয়, অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্থ করেছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা ভোটকারচুপির চেষ্টা করেছিলেন। দুজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ভোটগ্রহণ সন্তোষজনক ছিল বলেও দাবি করেন সিইসি।
বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে তিনি বলেন, দু-চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আজকের নির্বাচনটা সফলতা দিতে সক্ষম হয়েছেন।
বিভিন্ন স্থানে সংঘাতের কথা জানিয়ে সিইসি বলেন, রাঙ্গামাটির নানিয়ার চরে ইউপিডিএফ কিছু ব্যালট ছিনতাই করেছে। তবে সেকারণে ভোট বন্ধ হয়নি। ছিনতাইকৃত ব্যালট পেপারগুলোকে রিপ্লেস করা সম্ভব হয়েছে। ভোটগ্রহণ নিরবিচ্ছিন্ন ছিল। জাহানতলী ভোটকেন্দ্রে ইউপিডিএফ গন্ডগোল করার চেষ্টা করেছিল। এছাড়া একজন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা শিক্ষক হয়েও ব্যালট পেপারে সিল মারেন। পরে দেখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
ভোটের তথ্য পেতে নির্বাচন কমিশনের তৈরি নির্বাচনী অ্যাপস কাজ করছে না- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, নেটওয়ার্ক খারাপ ছিল।
এ সময় ইসি সচিব জাহাংগীর আলম বলেন, অ্যাপসের যে সিস্টেমে ম্যাসেজ আসতো, সেই গেটওয়েতে সমস্যা থাকায় বিকল্প গেটওয়ে ব্যবহার করেছি। বিটিআরসি ওই গেটওয়ের উপর অনাপত্তি দিয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, অ্যাপস কাজ করছে। পরে সিইসি বলেন, অ্যাপ একটি টেকনিক্যাল বিষয়। বিকল্প অ্যাপস ওপেন করে দেওয়া হয়েছে।


