জেলা প্রতিবেদকঃ বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে দেশের প্রধান সমুদ্রবন্দরে আসা দেশি-বিদেশি জাহাজে করোনা ভাইরাস প্রতিরোধে মেডিক্যাল টিমের পরিদর্শন জোরদার করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৯ হাজার ৯৮৫ জন নাবিকের স্ক্রিনিং হয়েছে চট্টগ্রাম বন্দরে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বন্দরের কনটেইনার জট নিরসনে বন্দর ব্যবহারকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জরুরি সভায় বন্দর চেয়ারম্যানের বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে চিঠি দিয়ে জাহাজ পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেন।
ওই জরুরি চিঠিতে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আসা সব জাহাজ ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর নিয়মিত পরিদর্শন আরও জোরদার করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন বাংলানিউজকে বলেন, বন্দর কর্তৃপক্ষের ডিমান্ড অনুযায়ী বিদেশ থেকে আসা জাহাজগুলোকে বহির্নোঙরে গিয়ে মেডিক্যাল টিম পরিদর্শন করে আসছে। যে জাহাজগুলো জেটিতে ভিড়ছে সেগুলোর নাবিকদেরও জ্বর, সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ আছে কিনা স্ক্রিনিং করে দেখা হচ্ছে। এ পর্যন্ত ৯ হাজার ৯৮৫ জন নাবিকের স্ক্রিনিং কার্যক্রম সম্পন্ন করেছি আমরা।
তিনি জানান, বহির্নোঙরে মেডিক্যাল টিম আসা-যাওয়ার ক্ষেত্রে জাহাজের লোকাল এজেন্টের স্পিড বোট ব্যবহার করছেন।
তবে বন্দরের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বন্দরের নিজস্ব অ্যাম্বুল্যান্স বোট, অনেক টাগ বোট, পাইলট বোট আছে। বন্দরের নিজস্ব হাসপাতাল আছে। জাতীয় স্বার্থে করোনা ভাইরাস প্রতিরোধে বন্দরে দায়িত্বরত মেডিক্যাল টিমকে যন্ত্রপাতি, লজিস্টিক সাপোর্টে আরও সক্রিয় হতে হবে। জনবল বাড়াতে হবে।
এ প্রসঙ্গে ডা. মোতাহার বাংলানিউজকে বলেন, বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম মেডিক্যাল টিমের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবেন বলে জানিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংযুক্তিতে পদায়ন করেছেন। এখন আমরা করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আসা সব জাহাজ ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর নিয়মিত পরিদর্শন আরও জোরদার করবো।


