জেলা প্রতিবেদকঃ সখীপুরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে সোনিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের বাবার বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর আগে সোনিয়ার জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও পাতলা পায়খানা ছিল।
জানা যায়, ওই গৃহবধূর স্বামীর বাড়ি ঘাটাইলের গারোবাজারে। গত তিনদিন ধরে তিনি স্বামীর বাড়িতে জ্বর, সর্দি কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। বুধবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তাকে সখীপুরের কালিয়া গ্রামের বাবার বাড়িতে নিয়ে আসা হয়। পরে রাতেই ওই বাড়িতেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান জানান, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা এগুলো করোনা ভাইরাস আক্রান্তের প্রাথমিক উপসর্গ। তাই পরীক্ষার জন্য রাতেই ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।


