জ্যেষ্ঠ প্রতিবেদকঃ খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নুরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। নুরুজ্জামান খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।
নুরুজ্জামান মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। গত পাঁচদিন যাবত তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে।


