করোনাঃ চাটমোহরে প্রথম রোগী শনাক্ত, গ্রাম লকডাউন

জেলা প্রতিবেদকঃ পাবনার চাটমোহর উপজেলার বামনগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন বলে জানা গেছে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল  গিয়ে ওই গ্রাম লকডাউন ঘোষণা করেছে।
সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের ওই যুবক গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পাবনায় আসেন। করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান জানান, করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর বামনগ্রাম লকডাউন করা হয়েছে। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।