নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় তিনজন মারা গেছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। তবে গত ২৪ ঘণ্টায় কারো সুস্থ হওয়ার সংবাদ নেই।
জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগী ২৬৪ জন। তাদের মধ্যে মোট মৃত্যু হলো ১৬ জনের এবং সুস্থ হয়েছেন ছয়জন।
গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী মারা যান। পরে ৪ এপ্রিল আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়।
৬ এপ্রিল শীতলক্ষ্যা এলাকায় একজন এবং চাষাঢ়ার মাসুদাপ্লাজার মালিক মারা যান। ৭ এপ্রিল দেওভোগে একজন গিটারিস্ট মারা যান। ৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সহ-সভাপতি এবং ৯ এপ্রিল ফতুল্লার সস্তাপুরে এক ব্যবসায়ী মারা যান। ১২ এপ্রিল দেওভোগের এক ব্যক্তি, চাষাঢ়ায় এক ফার্মেসির মালিক ও ফতুল্লার ইসদাইরের এক নারী মারা যান। ১৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জের ও ফতুল্লার ধর্মগঞ্জে দুই নারী মারা যান। ১৫ এপ্রিল খানপুরে এক নারী ও বন্দরের এক ব্যক্তি মারা যান।
এর আগে ৫ এপ্রিল জেলায় ছয়জন ও ৬ এপ্রিল ১২ জন আক্রান্তের সংবাদ জানান সিভিল সার্জন। ৭ এপ্রিল ১৫ জন আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। ৮ এপ্রিল জেলায় তিনজন এবং ৯ এপ্রিল ১৩ জন শনাক্ত হওয়ার সংবাদ জানান সিভিল সার্জন। ১০ এপ্রিল জেলায় ১৬ জন, ১১ এপ্রিল আটজন ও ১২ এপ্রিল ২২ জন শনাক্ত হয়। ১৩ এপ্রিল ৩৫ জন, ১৪ এপ্রিল ১৯ জন ও ১৫ এপ্রিল ৪৯ জন এ জেলায় শনাক্ত হয়।
তারও আগে গত ৮ মার্চ এ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত দু’জনকে শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরও একজন আক্রান্ত পাওয়া যায় বলে জানান জেলা সিভিল সার্জন। ওই ব্যক্তিও গত ১ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এছাড়া চিকিৎসাধীন আরও তিনজন ১৩ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।


