নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে জানা গেছে। এ সময়ের মধ্যে জেলায় একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
বুধবার (১৫ এপ্রিল) রাতে এ তথ্য জানান তিনি। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কোনো ব্যক্তি সুস্থ হননি বলেও জানা গেছে।
জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ২১৪ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সুস্থ হয়েছেন ছয় জন।
এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী মারা যান। তারও আগে গত ৮ মার্চ এ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত দুই জনকে শনাক্ত করে আইইডিসিআর। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


