করোনাঃ পটুয়াখালীতে ভারতীয় নাগরিকসহ ২৭ জন শনাক্ত

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত পটুয়াখালী জেলায় ভারতীয় নাগরিকসহ ২৭ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা থেকে মোট ৬৬৫টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হলে ৩৮৮টি রিপোর্ট হাতে পায়। এর মধ্যে ২৭ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

কোভিড-১৯ পজিটিভ রোগীর মধ্যে সবচেয়ে বেশি বাউফল উপজেলায়। সেখানে ১০ জন আক্রান্ত হয়েছেন। এরপর রাঙ্গাবালী উপজেলায়- ৪ জন, দশমিনায় ৩ জন, গলাচিপায় ২ জন, দুমকিতে ৫ জন, কলাপাড়ায় ১ জন ও সদর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুমকি উপজেলায় দুলাল হোসাইন (৩২) নামে একজন এবং পটুয়াখালী সদর উপজেলায় সেহাকাঠী এলাকার আনোয়ার হোসেন (৬৫) নামে একজন।

রাঙ্গাবালী উপজেলায় ৪ জনের মধ্যে ৩ জনই ভারতীয় নাগরিক। তাদের বাড়ি ভারতের বিহারে। তারা তাবলীগে বাংলাদেশে আসছিল। যাদের পজিটিভ আসছে, তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের বিশেষ নজরে রাখা হয়েছে। সকলের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিপূর্বে প্রশাসনের মাধ্যমে জেলা স্বাস্থ্য বিভাগের ৮৫টি শয্যার আইসোলেশন ইউনিট পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রস্তুত রয়েছে সকল উপজেলায় ৫০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ইউনিট এবং ভাসমান কোয়ারেন্টিন ইউনিট। প্রতিটি ইউনিটের জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামসহ প্রস্তুত রয়েছে। জেলায় ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন সেবিকা করোনায় আক্রান্ত রোগীর সেবার জন্য প্রস্তুত রয়েছেন।

এছাড়াও জেলার হাসপাতালে পর্যাপ্ত ঔষধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও চিকিৎসক এবং সংশ্লিষ্টদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম মজুদ রয়েছে।

জেলার সকল উপজেলায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ তৎপরতা চলমান। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে ইউপি সচিবগণ কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ, র্যা ব, সেনা বাহিনী ও আনসার সদস্যরা।