করোনাঃ বরিশালে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনতে বরিশাল মহানগরীতে গণপরিবহনের পর এবার মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে সরকারি কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা ও সংবাদকর্মীদের মোটরসাইকেল ঘোষণার আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার (১০ এপ্রিল) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে।
তিনি জানান, আগাম প্রস্তুতি ও সচেতনতার কারণে আমরা এখন পর্যন্ত করোনা পরিস্থিতিতে বরিশালের মানুষ ভালো রয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী যাতে কেউ অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয় এবং সামাজিক দুরত্ব নিশ্চিত রাখে সে লক্ষে আমাদের কার্যক্রম চলছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন অজুহাতে মোটরসাইকেল চলাচলের পরিমাণ বাড়ছে। এমনকি এসব মোটরসাইকেলে অনেকসময় যাত্রীও বহন করা হচ্ছে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধ ও নগরবাসীকে নিয়ে ভালো থাকার চেষ্টায় মোটরসাইকেল চালনোর ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য সারাদেশের সাথে একযোগে বরিশালে সড়কে গণপরিবহন ও নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে বরিশাল নগরে প্রবেশ ও বাহিরেও নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে পুলিশের চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।