করোনাঃ বিশেষ টিম নারায়ণগঞ্জে, স্যাম্পল গ্রহণে বাড়বে গতি

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আরও বেশি করোনার উপসর্গে থাকা রোগীদের টেস্টের আওতায় আনতে স্যাম্পল কালেকশন বৃদ্ধি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১১ এপ্রিল) থেকে আরও বেশি সন্দেহভাজন আক্রান্তদের স্যাম্পল কালেকশন করা হচ্ছে বলা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। এ লক্ষ্যে ইতোমধ্যেই সকাল থেকে ঢাকা থেকে আগত বিশেষ টিম কাজ করছে।
এ কার্যক্রমে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি ল্যাব এইড, মর্ডান, মেডিনোভা ও পপুলার ডায়গনস্টিক সেন্টার সার্বিকভাবে সহযোগিতা করছে। এ ছাড়া জেলা প্রশাসন থেকে দুটি সরকারি গাড়ি বরাদ্ধ দেয়া হয়েছে এ কার্যক্রমে।
স্যাম্পল কালেকশন করতে বেসরকারি ৪টি ডায়গনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও সমন্বয় করে কাজ করছেন। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে ও প্রয়োজনীয় সিক নির্দেশনা ও সহায়তা দিতে ঢাকা থেকে আগত টিম বিশেষভাবে সহযোগিতা করছে।
এডিসি সেলিম রেজা জানান, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। ল্যাব স্থাপন তো বললেই সঙ্গে সঙ্গে করা সম্ভব হচ্ছেনা। তবে আমরা সেটিও মাথায় রেখেছি। এই মুহুর্তে যেটি বেশি প্রয়োজন, বেশি বেশি টেস্ট বৃদ্ধি করা আর সেজন্য আমাদের ঢাকা থেকে একটি টিম সকাল থেকেই কাজ করছেন। স্থানীয় ৪টি বেসরকারি প্রতিষ্ঠানও আমাদের সঙ্গে তাদের কর্মী দিয়ে নানাভাবে সহায়তা করছে। আমরা আজ থেকে আরও অনেক বেশি স্যাম্পল কালেকশন করতে পারবো এবং এই টেস্টগুলোর ফলাফলও আরও দ্রুত পাবো বলে প্রত্যাশা করছি।