জেলা প্রতিবেদকঃ করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।
মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মণ্ডল (৫৫), ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ (৫৫) এবং মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের জরিনা বেগম (৫৪)।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ বলেন, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বপন কুমার মণ্ডল ও আবদুল মাজেদকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। করোনা উপসর্গ থাকায় তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তারা মারা যান। এ দিকে শ্বাসকষ্ট থাকায়বুধবার সকালে জরিনা বেগমকে হাসপাতালে আনা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে ওইদিন বিকেলে তিনি মারা যান। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে, প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বুধবার রাতে নিজ এলাকায় জরিনার মরদেহ দাফন করেছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে স্বপনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে মাজেদের মরদেহ বিকেল পর্যন্ত কেউ নিতে আসেননি। মরদেহটি হাসপাতালেই রয়েছে।


