জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় রংপুর জেলায় ৩ ব্যাংক কর্মকর্তাসহ বিভাগের গাইবান্দা ও কুড়িগ্রামে মোট ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে একদিনে নতুন ৯৪টি নমুনা পরীক্ষা শেষে এ ফলাফল পাওয়া যায়।
শুক্রবার (২৪ এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রংপুরের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩ জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে সোনালী ব্যাংক বাজার শাখায় কর্মরত ৩ জন, গাইবান্দার পলাশবাড়ীত ও গোবিন্দগঞ্জে ২ জন এবং কুড়িগ্রামের চিলমারীতে ১ জন রয়েছেন।
এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুরে শনাক্ত ৩ জন গত কয়েক দিনে কোথায় কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে মিশেছেন এসব শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাদের বাসস্থান লকডাউনের প্রস্তুতি চলছে।


