জেলা প্রতিবেদকঃ শরীয়তপুরে একই পরিবারের তিনজনসহ চার করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের তিনজনের সবাই নারায়নগঞ্জ ফেরত এবং অপরজন রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি।
সোমবার (১৩ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
করোনা শনাক্ত হওয়া একই পরিবারের তিনজনের মধ্যে দুইজন নারী ও অপরজন পুরুষ। তারা সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের বাসিন্দা। নারীদের একজনের বয়স ৪০ বছর ও অপরজনের বয়স ২২ বছর এবং আক্রান্ত পুরুষের বয়স ৫০ বছর। অপর আক্রান্ত পুরুষ (৪০) জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বড় মূলনা গ্রামের বাসিন্দা।
আক্রান্তসহ সদর উপজেলার ২টি ও জাজিরা উপজেলার ৮০টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
সিভিল সার্জন মুরাদ বলেন, শনাক্ত হওয়া ওই চার ব্যক্তিসহ শরীয়তপুর থেকে সন্দেহভাজন ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে সোমবার বিকেলে ৩৯ জনের রিপোর্ট হাতে এসেছে। এদের মধ্যে সম্পতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে শরীয়তপুরে আসা চার ব্যক্তির রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। বাকি ১১ জনের ফলাফল এখনো হাতে পাইনি।
এর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রথম ৯০ বছর বয়সী এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে শরীয়তপুরে ৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।


