জেলা প্রতিবেদকঃ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ ঘণ্টার ব্যবধানে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়। ওই যুবকের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলাতানী এলাকায়।
মৃত ওই যুবকের প্রতিবেশীরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে তিনি নৌকায় নৌকায় ঘুরে বেড়াতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ওই যুবক জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালের সার্জারি ইউনিট-৩ এ ভর্তি হন। পরে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়েছে।
এর আগে সকালে ৩২ বছরের আরও এক যুবক শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত দুই যুবকের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।


