আড়াই মাসের জন্য ভাড়া

করোনায় আক্রান্ত পুলিশদের চিকিৎসা হবে ইমপালস হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ খুব শিগগিরই করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় রাজধানীর ইমপালস হাসপাতাল ব্যবহৃত হবে। সম্প্রতি পুলিশ হাসপাতাল ও ৪৫০ শয্যাবিশিষ্ট ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতালে বন্দোবস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে এ হাসপাতাল। শুধুমাত্র করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দিতেই এখন থেকে এ হাসপাতাল ব্যবহৃত হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থন ও মধ্যস্থতায় স্বল্পতম সময়ে হাসপাতালটির ভাড়া প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান এআইজি সোহেল রানা। গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্তে একটি এমওইউ স্বাক্ষরিত হয়।