বিশেষ প্রতিবেদকঃ করোনা মোকাবিলায় দরিদ্র, অসহায়, শ্রমজীবী এবং বস্তিবাসীদের জন্য ত্রাণ বিতরণ করেছে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)।
রোববার (১২ এপ্রিল) সংস্থার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সিইএবির পক্ষ থেকে সংস্থার প্রেসিডেন্ট লিন ওয়েকিংয়াং এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারকে (বিসিএফসি) হস্তান্তর করেন। বিসিএফসির মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সিইএবির পক্ষ থেকে ১০ টন চাল, ২ হাজার লিটার ভোজ্যতেল, ৮ লাখ ৫০ হাজার টাকা বিসিএফসির কাছে তুলে দেওয়া হয়। এছাড়া সিইএবির মাধ্যমে আরও তিনটি এনজির পক্ষ থেকে দেওয়া ২০ লাখ টাকা বিসিএফসির কাছে হস্তান্তর করা হয়।
সিইএবি জানায়, দুই শতাধিক দেশ কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দরিদ্র মানুষকে সহায়তায় এগিয়ে আসছে সিইএবি। একই সঙ্গে সিইএবি দরিদ্র মানুষদের জন্য ‘তাদের ঘরে থাকতে সাহায্য করুন’ কর্মসূচি চালু করেছে।


