করোনায় নৌ শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন ও খালাস কাজে নিয়োজিত নৌযান শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
এত উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারি মোকাবিলায় সরকার গত ২৬ র্মাচ হতে ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে এরই মধ্যে দেশের অধিকাংশ জেলায় ‘লকডাউন’ চলছে। দেশের আপামর জনগণ যখন স্বাস্থ্য সুরক্ষায় ঘরে অবস্থান করছেন সেই সময় এ দুর্যোগের মধ্যে জীবনের চরম ঝুঁকি নিয়ে নৌযান শ্রমিকরা পণ্য পরিবহন ও খালাসের মাধ্যমে দেশের মানুষের খাদ্যসহ জরুরি সামগ্রীর চাহিদা যোগান দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ভূমিকা রাখলেও ঘাটে ঘাটে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেকের জন্য কমবেশি সরকারের কৃতজ্ঞতা প্রকাশ, প্রণোদনা, ঝুঁকি ভাতা, স্বাস্থ্যবিমার ঘোষণা এলেও নৌ শ্রমিকদের বিষয়ে রাষ্ট্র, সরকারের নিরবতা বড়ই দুর্ভাগ্যজনক।
এ অবস্থায় নেতৃদ্বয় নৌযান শ্রমিকদের জন্য রাষ্ট্র ও সরকার প্রধান প্রধানমন্ত্রীর কাছে বিবেচনা প্রসূত বিশেষ ঘোষণা এবং বকেয়াসহ সব নৌযান শ্রমিকদের মাসিক বেতন নিয়মিত পরিশোধ করার দাবি জানান।