জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রকোপের মধ্যে অসহায়, গরিব ও শ্রমজীবী মানুষের সাহায্য সহায়তায় ফাউন্ডেশন গঠন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ‘একরাম চৌধুরী ফাউন্ডেশন’ নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ৫০ লাখ টাকা অনুদান জমা দিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের জন্য এ ফাউন্ডেশন কাজ করবে। ইতোমধ্যে জেলার ৬০ থেকে ৭০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার দিনমজুর, শ্রমিক ও অসহায় মানুষের চিন্তা করেই ‘একরাম চৌধুরী ফাউন্ডেশন’ খোলা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও দেশের যেকোনো প্রান্ত থেকে কিংবা দেশের বাইরে থেকেও (প্রবাসীরা) অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০০ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণের টাকা জমা দিয়ে মানবতার সেবার এগিয়ে আসতে পারেন। সামর্থ্যবান, পেশাজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ যে কেউ এ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে (সোনালী ব্যাংক, মাইজদী-নোয়াখালী ব্রাঞ্চ, অ্যাকাউন্টের নাম: একরাম চৌধুরী ফাউন্ডেশন, অ্যাকাউন্ট নম্বর: ৩৮১৮২০২০০২৬৪৪) অনলাইনে অথবা সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে সহযোগিতা করতে পারেন। সবার সামান্য সহযোগিতায় গরিব, অসহায়, দিনমজুর, শ্রমিকসহ দুস্থ পরিবারের ঘরে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।


