করোনা দুর্যোগে টেলিভিশনে তারাবি নামাজ সম্প্রচারের উদ্যোগ সাবের হোসেনের

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন রমজানে তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়ের কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে নিজ এলাকার মুসল্লিদের জন্য সরাসরি টেলিভিশনে তারাবি নামাজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে এসব কথা জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা এমন একটা সময়ে আছি যখন মসজিদে নামাজ আদায় করতে পারছি না। সৌদির গ্র্যান্ড মুফতিও মানুষজনকে ঈদ এবং তাবারীর নামাজ বাড়িতে আদায় করতে বলেছেন। আমরাও এ ব্যাপারে আগাম চিন্তা করে রাখছি। আমার এলাকায় বড় ক্যাবল নেটওয়ার্ক যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। আসন্ন রমজানে আমরা টেলিভিশনে সরাসরি তারাবী নামাজ সম্প্রচার করবো। এলাকায় যারা আছেন, বাড়িতে বসে যদি টেলিভিশনের মাধ্যমে ইমামকে ফলো করতে চান, সেভাবে আদায় করতে পারবেন।

এ দিন লাইভে এ প্রসঙ্গ ছাড়াও করোনা পরিস্থিতিতে এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম প্রসঙ্গে সাবের হোসেন বলেন, যাদের সহায়তা বেশি প্রয়োজন, বিকাশ-নগদ অ্যাকাউন্ট না থাকলে করে নেন। আর্থিক সহায়তা যেন সরাসরি পৌঁছে দিতে পারি। যেটুকু অর্থ পাবেন, সেটা যেন প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে পারেন। ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি করছি, যেন সঠিক মানুষের কাছে ত্রাণ পৌঁছে যায়। ওয়ার্ডে ত্রাণ কমিটির কাছে বিকাশ-নগদ নম্বর পাঠাবেন। তাদের কাছ থেকে তথ্য নিয়ে বিকাশ-নগদের মাধ্যমে সাহায্য-সহযোগিতা করা হবে। যাদের ত্রাণ দেওয়া হবে, তাদের নাম-ঠিকানা-মোবাইল নম্বর সংরক্ষিত থাকবে। এতে একই ব্যক্তি বারবার ত্রাণ নিতে পারবেন না। যারা পরিচয় প্রকাশে লজ্জা পান, তাদেরও আমরা সহায়তা দেবো।

করোনা পরিস্থিতিতে অনেকেরই বাসা ভাড়া দিতে সমস্যা হচ্ছে, এ প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, এ বিষয়টা নিয়ে ইতোমধ্যে আমি পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। যারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, বাড়ি ভাড়া দিতে অসুবিধা হচ্ছে, তারা আমাদেরকে যদি জানান, তবে মালিকদের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলবো। সরকার এতো সহায়তা করছে, আমরা নিশ্চয়ই বাড়ির মালিকদের কাছ থেকে একটু সহায়তা প্রত্যাশা করতে পারি। এপ্রিল-মে মাসের বাড়ি ভাড়ার বিষয়ে বাড়িওয়ালারা কিছুটা নমনীয় থাকবে সে আশা করবো।

‘যাদের সমস্যা হয় তারা ০১৭৩০-৭৩০৭৭৭ হটলাইনটিতে জানাবেন। ওয়ার্ডের নেতারা আছেন তাদের জানাবেন। থানা প্রশাসনও সহায়তা করবে। এটা তো এমন না যে বাড়িওয়ালারা ভাড়া পাবেন না, হয়তো একটু দেরিতে পাবেন। এই ২ মাস নমনীয় থেকে যেন কিস্তির মাধ্যমে বাড়ি ভাড়াটা পরিশোধ করা যায়, সে বিষয়ে আমরা সহযোগিতা করবো।’

ত্রাণ প্রদানে তালিকা করতে কমিটি গঠনের ব্যাপারে সাবের হোসেন সংশ্লিষ্টদের দল-মত নির্বিশেষে সবার সঙ্গে পারামর্শ করার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে অনুরোধ করবো, তালিকা করার সময় অবশ্যই সবার মতামত নেবেন। ইমাম, মোয়াজ্জেম, মজসিদ কমিটির সদস্য, সামাজিক নেতা, এমনকি অন্যান্য দলের নেতাদের মতামত নেবেন। যার প্রয়োজন তাকেই সহায়তা দেবো। কমিটি হচ্ছে আওয়ামী লীগের, তবে সবার পরামর্শ নেবেন। আপনারা যেটা তালিকা করবেন, প্রশাসন আবার যাচাইবাছাই করবে। এরপর চূড়ান্ত হবে কারা রেশন কার্ড পাবে। তাই একটু ধৈর্য ধরতে হবে।

‘২৫ হাজার পরিবার তথা ১ লাখ লোকের মাঝে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। প্রতিদিন ২ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছি। বিদ্যানন্দ এগিয়ে এসেছে। কাজেই কোথাও কোনো অনিয়মন হলে জানাবেন।’