নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দুর্গম উপজাতীয় গ্রাম ‘বৈদ্যপাড়া’। যে গ্রামটিতে বসবাস করে ৬২টি রাখাইন পরিবার। গ্রামবাসীদের বেশিরভাগই দরিদ্র, কৃষক এবং দিন মজুর।
সম্প্রতি করোনা পরিস্থিতিতে লকডাউন অবস্থায় সবাই কর্মহীন হয়ে পড়ায় গ্রামটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এমনকি করোনা পরিস্থিতির এই অচলাবস্থা মাস পেরুলেও এখানকার একটি পরিবারও এখনো পায়নি সরকারি-বেসরকারি কোনো ধরনের ত্রাণ সহায়তা। ফলে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছেন দুর্গম এই গ্রামের মানুষ।
জানা যায়, রামু উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় অবস্থিত এ বৈদ্যপাড়া গ্রাম। উপজেলা সদর থেকে অনেক দূরে এমনকি যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো না হওয়ায় খুব একটা সরকারি সুযোগ-সুবিধা পান না এ গ্রামের মানুষ।
এ গ্রামের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মং খি ওয়াং। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষে পড়ছেন।
মং খি ওয়াং বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ঘরে চলে আসি। কিন্তু এখানে এসেই দেখছি গ্রামের মানুষগুলো কর্মহীন অবস্থায় খুব কষ্টে পড়ে গেছে। অনেক পরিবারে খাবারের জন্য হাহাকার চলছে। এ গ্রামে পরিবার আছে মাত্র ৬২টি। জনসংখ্যা হচ্ছে ৩৭০ জনের মতো। বেশিরভাগ মানুষ দরিদ্র এবং দিনমজুর। করোনা পরিস্থিতির এ অবস্থায় প্রায় একমাস ধরে কর্মহীন হয়ে পড়ায় প্রতিটি পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে।
‘আমি পাড়ায় খোঁজ নিয়ে জেনেছি, এমন দুর্যোগেও এ পাড়ার মানুষ সরকারি-বেসরকারি বা ব্যক্তি উদ্যোগের কোনো সহায়তা পাননি। খাবার সংকট দেখা দেওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. শাহাজাহান ব্যক্তিগতভাবে ১৫০টি ডিম সহায়তা দিয়েছেন। আর খাদ্য সহায়তার জন্য গ্রামবাসীদের মধ্য থেকে ১৫ জনের নামের তালিকা তৈরি করেছেন।’
পাড়ার বাসিন্দা অং থোয়াই চিং (৬৪) বলেন, এই মুহূর্তে আমি খুব অসহায়। কাজ করতে পারছি না। হাতে কোনো টাকা নেই, তাই খাবার কিনতে পারছি না। এ অবস্থায় খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে আছি। এ অবস্থা চলছে প্রায় ১৫ দিন।
মং ক্য (৫৫) রাখাইনের আকুতিও ঠিক একই রকম। তিনি বলেন ‘আমি একজন দিন মজুর। কাজ করতে পারলে খাবার জোটে, কাজ না পেলে উপোস থাকতে হয়। কিন্তু এভাবে খাবার ছাড়া আর কতদিন বাঁচতে পারবো? কতদিন কর্মহীন থাকবো। করোনা ভাইরাস আমার ঘর খাবার শূন্য করে দিয়েছে।’ এতদিন হয়ে গেলো এক কেজি চালও কেউ দেয়নি। কিন্তু ত্রাণ না পেলে এভাবে আমরা কতদিন বাঁচতে পারবো?’
রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, আপাতত শুধুমাত্র কর্মহীন হয়ে পড়া মানুষগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে আমার জানামতে বৈদ্যপাড়ায় ত্রাণ সহায়তা পৌঁছানোর কথা। যদি না পায় আমি বিষয়টি দেখছি। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


