জেলা প্রতিবেদকঃ রংপুরের পীরগাছায় দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নগরীর বাইরে উপজেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এ উপজেলায়।
মঙ্গলবার (৯ জুন) খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ এপ্রিল। এর ২৩ দিন পর গত ১ মে পীরগাছায় প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তবে এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও পরিচ্ছন্নতা কর্মী, একজন ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, সোমবার (৮ জুন) পর্যন্ত পীরগাছায় মোট ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গঙ্গাচড়া উপজেলায় ১৫ জন, বদরগঞ্জে ৮ জন, মিঠাপুকুর, তারাগঞ্জ ও কাউনিয়ায় মোট ১৩ জন করে আক্রান্ত হয়েছে। পীরগঞ্জে আক্রান্ত সকলে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১ মে পীরগাছায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আট জন।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আট জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন বলেন, ‘অসচেতনতার কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের আরো সচেতন হতে হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, ‘পিসিআর ল্যাবে সীমিত নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। তাই যাদের উপসর্গ আছে শুধু তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।


