সংবাদদাতাঃ করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম রেজাসহ দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আওয়ামী লীগ নেতা মো. সেলিম রেজার (৪৫) বাড়ি কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে। মৃত অপরজন হলেন একই উপজেলার পোনা গ্রামের ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনায় ২৩ জনের মৃত্যু হলো। এছাড়া কিছু দিন আগে একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।
সিভিল সার্জন জানান, গত কয়েক দিন আগে সেলিম রেজার জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। পরে তিনি ১১ জুলাই কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ও ১২ জুলাই তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জলুই) রাতে সেলিম রেজার মৃত্যু হয়।
অপরদিকে, ওষুধ ব্যবসায়ী মো. মাহফুজ মোল্লার করোনা উপসর্গ দেখা দিলে তিনি মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ও বুধবার (১৫ জুলাই) তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত ২৩ জনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় আটজন, টুঙ্গিপাড়ায় চারজন, কাশিয়ানী উপজেলায় পাঁচজন, কোটালীপাড়া উপজেলায় একজন ও মুকসুদপুর উপজেলায় পাঁচজন রয়েছেন। এছাড়া মুকসুদপুরে করোনা আক্রান্ত একজন আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৩৫।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত ৪২ জনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৯, মুকসুদপুর উপজেলায় সাত, কাশিয়ানী উপজেলায় ছয়, কোটালীপাড়া উপজেলায় ছয় ও টুঙ্গিপাড়া উপজেলায় চারজন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
করোনায় আক্রান্ত এক হাজার ১৩৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫৬ জন, মুকসুদপুর উপজেলায় ২১৭ জন, কাশিয়ানী উপজেলায় ২০৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৮৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৭২ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৭২২ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও নিজ নিজ বাড়িতে ৩৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্সসহ ৮৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ছয় হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।


