করোনা ভাইরাসে সিলেটে মৃত্যু বেড়ে ১১০

সংবাদদাতাঃ প্রাণঘাতি করোনায় সিলেট বিভাগে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। মারা যাওয়াদের মধ্যে একজন সিলেট জেলার ও দু’জন সুনামগঞ্জের। এ নিয়ে করোনায় সিলেট বিভাগে ১১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া ১১০ জনের মধ্যে সিলেট জেলায় ৮৩ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে আটজন ও মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২৮৪ জন। এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ তিন হাজার ২৭১ জন, সুনামগঞ্জে এক হাজার ২৩৫ জন, হবিগঞ্জে ৯৯৫ জন ও মৌলভীবাজারে ৭৮৩ জন রয়েছেন।

এছাড়া সিলেট বিভাগে দুই হাজার ৪৯৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ৭৩৭ জন, সুনামগঞ্জের ৯০২ জন, হবিগঞ্জের ৪৪৭ জন ও মৌলভীবাজার জেলার ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

এদিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. জন্মেময় দত্ত বলেন, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল আইসোলেশনে ৭৫ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ৭৪ জনের করোনা পজিটিভ। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় করোনা পজিটিভ নয়জন ও উপসর্গ নিয়ে আরও তিনজনসহ ১২ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।