জেলা প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ১৪ জন পুলিশ সদস্য একযোগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের কোনো উপসর্গ না থাকায় ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন বাসন মেট্রো থানার ওসি রফিকুল ইসলাম।
১৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্তের বিষয়টি বৃহস্পতিবার দুপরে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
জিএমপি কমিশনার জানান, বাসন থানার করোনায় আক্রান্ত ১৪ জন পুলিশ সদস্যের মধ্যে ৫ জন এএসআই ও ৯ জন কনস্টেবল। তাদেরকে একটি স্থানীয় আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে বাসন মেট্রো থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কোনো প্রকার উপসর্গ ছাড়াই তাদের করোনা আক্রান্তের রিপোর্ট আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। ৭ মে বাসন থানার ১৫ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার ১৪ জনকে পজিটিভ ও একজনের নেগেটিভ শনাক্তের ফলাফল দেয়া হয়।
উল্লেখ্য, গত মাসে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ৩৪ জন পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে যাদের সবাই নেগেটিভ শনাক্ত হয়েছে তারা রোববার কাজে যোগ দিয়েছেন।


