জেলা প্রতিবেদকঃ নওগাঁয় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ পুলিশসহ নতুন করে আরো ১৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২শ জন। এর মধ্যে ১২০ জন সুস্থ হয়েছেন।
রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে ২১৬টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ১৩টি নমুনার ফলাফল পজিটিভ। নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলার ২ পুলিশ সদস্যসহ সাতজন, বদলগাছী উপজেলায় চারজন, সাপাহারে একজন এবং মহাদেবপুর উপজেলায় একজন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এরমধ্যে বদলগাছী উপজেলায় একই পরিবারের তিনজনসহ দুই বছর বয়সী এক শিশু রয়েছে।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল। এরপর এক-দুজন করে রোগীর সংখ্যা বাড়তে বাড়তে দেড় মাসে এই সংখ্যা ২০০ ছাড়াল। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় এখন পর্যন্ত ৭৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।


