জেলা প্রতিবেদকঃ করোনা উপসর্গ নিয়ে নীলফামারী সদর উপজেলায় আলমগীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তার মৃত্যু হয়। আলমগীর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী বালারহাট গ্রামের সহর উদ্দিনের ছেলে। তিনি নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট গ্রামে বসবাস করতেন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ জানান, সোমবার (৮ জুন) আলমগীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর সদর হাসপাতালে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি-না।
এলাকাবাসী জানায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আলমগীর গত ১৫ বছর আগে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ বাবুরহাট গ্রামে এসে বসবাস শুরু করেন ও বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন।
কয়েকদিন থেকে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।


