জেলা প্রতিবেদকঃ বগুড়া সদর উপজেলায় জলেশ্বরীতলা এলাকায় একই পরিবারের সাত জনসহ নতুন করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। তবে এদের মধ্যে নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জানা গেছে, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে এ জেলার ১৭৬টিসহ মোট ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। বাদবাকি ১২টি সিরাজগঞ্জ জেলার নমুনা ছিল।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের যে সদস্যরা আক্রান্ত হয়েছেন তাদের বাইরে যাওয়ার কোনো হিস্ট্রি নেই। তাদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার। তার বয়স ৫৬ বছর। আর অন্য তিনজন কনস্টেবল। তাদের বয়স যথাক্রমে ৫৫, ৫৬ ও ২৭। গত ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
তিনি বলেন, এ পর্যন্ত বগুড়ায় দুই নারী কনস্টেবলসহ মোট নয়জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আহসান হাবিব নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত এক কনস্টেবল সুস্থ হয়ে বগুড়ার আদমদীঘিতে তার বাড়ি ফিরে গেছেন।
ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, শহরের জলেশ্বরীতলা এলাকার এক ব্যবসায়ী পরিবারের সাতজন আক্রান্ত হয়েছেন। তারা সবাই ঢাকাফেরত। ওই সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী। পুরুষদের বয়স হলো- ৩৯, ৩৫ ও ২৭। নারীদের বয়স যথাক্রমে ৫৯, ৫৭, ১৮ ও ১৪। গত ৮ মে তারা ঢাকা থেকে বগুড়া ফেরেন। এরপর ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্ত এই সাতজনকে বাড়িতেই লকডাউনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হবে।
বগুড়া পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশ লাইন্সে ইতোপূর্বে করোনায় আক্রান্ত এক কনস্টেবলের সঙ্গে একই রুমে থাকার কারণে নতুন করে চারজন আক্রান্ত হয়েছেন। তাদের পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে রেখেই চিকিৎসা দেওয়া হবে।


