জেলা প্রতিবেদকঃ বগুড়ায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১২ পুলিশ সদস্যসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ১৪ জনের মধ্যে ১২ জনই পুলিশ সদস্য। তারা সবাই পুলিশ লাইন্সে কর্মরত। তাদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। এর আগে পুলিশ লাইন্সে আক্রান্তদের সংস্পর্শে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। নতুন শনাক্তদের মধ্যে ২ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার, ১ জন অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর, ১ জন নায়েক ও বাকি ৭ জন কনস্টেবল পদমর্যাদার।
নতুন শনাক্ত বাকি ২ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্য যোগদান করা ২৬ বছর বয়সী এক নার্স রয়েছেন। তার বাড়ি বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকায়। তিনি গত ৭ মে ঢাকা থেকে বগুড়ায় যান এবং ১৩ মে কর্মস্থলে যোগ দেন। অপরজন ঢাকাফেরত বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার এক ড্রাইভার। ৩৬ বছর বয়সী ওই ড্রাইভার ১৩ মে ঢাকা থেকে বগুড়ায় যান।
মোস্তাফিজুর রহমান আরও জানান, বগুড়ায় এ পর্যন্ত মোট ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩ জনই পুলিশ সদস্য। নতুন শনাক্ত পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া বাকি ২ জনকে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বগুড়া জেলায় করোনায় শনাক্ত ৭৫ জনের মধ্যে শনিবার পর্যন্ত ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১০ জন ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


