করোনা ভাইরাস মোকাবিলায় সংবাদ সম্মেলন অনলাইনে করা হবে: তথ্যমন্ত্রী

জেষ্ঠ্য প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় ভবিষ্যতে আমরা এভাবে সংবাদ সম্মেলন না করে অনলাইনে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার চেষ্টা করবো।’ এক্ষেত্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রির্পোটার ফোরামের (বিএনআরএফ) কোন সহায়তার প্রয়োজন হলে ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
রোববার (২২ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াবলী নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজ আমাদের ইচ্ছা ছিল শুধু দু-একজন ক্যামেরাম্যান ডেকে অনলাইনের মাধ্যমে করা যায় কিনা। আমরা সেটার চেষ্টা করেছিলাম। কিন্তু ইতোমধ্যেই আপনারা সবাই চলে এসেছেন, তবে ভবিষ্যতে আমরা সেটাই করবো। সে ব্যাপারে আমাদের সবার সতর্ক হওয়া জরুরি। আমরা সবাই সতর্ক আছি। যতটুকু যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটুকু নেবো। এজন্য যদি আপনাদের সহায়তার প্রয়োজন হয় তাহলে আমরা বিএসআরএফে যদি একটা ভিডিও মনিটর বসানো যায় বা কী করা যায় এ ব্যাপারে আলোচনা করে জানালে আমরা সহায়তা করবো।’
তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ে একটি গুজব প্রতিরোধ সেল আছে। তারপরও সচেতনতা বাড়ানোর জন্য আরো একটি সেল গঠন করতে যাচ্ছি। আজ সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। সেলে সব সংস্থার পক্ষ থেকে প্রতিনিধি থাকবে। তথ্যমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করবে। এই সেল করোনা প্রতিরোধে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। প্রজ্ঞাপন জারির পর থেকেই সেল কাজ করা শুরু করবে।’