করোনা ভাইরাস- মৌলভীবাজার সদর হাসপাতালের দুই চিকিৎসকসহ আরও ৮ জন আক্রান্ত

করোনা

জেলা প্রতিবেদকঃ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের দুজন চিকিৎসক, পাঁচজন নার্সসহ আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল বুধবার রাতে সিলেটের ল্যাবরেটরি থেকে তাঁদের করোনা ‘পজিটিভ’ বলে জানানো হয়। এ নিয়ে এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ২১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।

আজ বৃহস্পতিবার সিভিল সার্জন তউহীদ আহমদ এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর হাসপাতালের দুজন চিকিৎসক, পাঁচজন নার্স ও একজন ওয়ার্ড বয় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ মে তাঁদের নমুনা পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এ নিয়ে ৩ মে থেকে এ পর্যন্ত এই হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ মোট ২১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন চিকিৎসক ও সাতজন নার্স রয়েছেন। সারা জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় ৭ মে থেকে হাসপাতালের কার্যক্রম সীমিত করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। তবে এই সময়ে জরুরি বিভাগ, আইসোলেশন ইউনিট ও ডায়ালেসিস সেবা চালু রাখা হয়েছে।

Lifebuoy Soap
এ বিষয়ে সিভিল সার্জন তউহীদ আহমদ বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম কিছু বাড়ানোর কথা চিন্তা-ভাবনা করা হচ্ছিল। এর মধ্যে নতুন করে আটজনের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। আরও কিছু নমুনার রিপোর্ট আসবে। পরবর্তী রিপোর্ট দেখে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।