জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সিলেটে শেষ ২৪ ঘণ্টায় পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১৬ মে) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তিদের করোনা পজিটিভ আসে।
এ ব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ ও শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মী ও পুলিশ হাসপাতালের ১ পুলিশ সদস্য রয়েছেন। শনাক্তরা সবাই গোলাপগঞ্জ উপজেলার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ৬ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৯ জন। বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজারে ৫৭ জন।


