জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তানজিরা খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) সকালে তার মৃত্যু হয়। তানজিরা জেলা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নূর ইসলামের স্ত্রী।
সাতক্ষীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত চারদিন আগে হাসপাতালের আইসোলশনে ভর্তি হন ওই নারী। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, তানজিরা সাতক্ষীরা হাসপাতালে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। এখনো তার ফলাফল পাওয়া যায়নি। তবে ফলাফল এলে জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।


