তানজির হাসান টিটু সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ কাজের সন্ধানে গিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তিনজন দিন মজুর ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন। শুক্রবার সকালে দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনাট ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত মোজাহার আকন্দের ছেলে আব্দুল কাদের (৫০), মাটিয়ামালিপাড়া গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে রুহুল আমিন (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার মীরপুর এলাকার আব্দুস সামাদের ছেলে রাকিবুল হাসান (২৪) এবং অজ্ঞাত ট্রাক হেলপার।
নিহতের স্বজনরা জানান, তাড়াশ উপজেলার খালখুলা থেকে তারা কাজের জন্য গুরুদাসপুর উপজেলার কাছিকাটা যাওয়ার পথে রানীগ্রাম এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা যায়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে নাটোর আসার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানটির উপরে থাকা দিনমজুরেরা নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের আরোহী আব্দুল কাদের, রুহুল আমিন ও রাকিবুল হাসান মারা যায়। ঘটনার সময় পিকআপ ভ্যানটি দাঁড়ানো ছিল। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।


