মো. আবু ছালেহ মুছা ও রবিউল ইসলাম, টঙ্গী: জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা গাজীপুরের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উলাহ মাস্টার এমপি’র ১৩তম শাহাদাৎ বার্ষিকী কাল রোববার। মরহুমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে দিবসটি পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এতে আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীতে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কাল রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানি, ৬টা ৩০মিনিটে শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় শহীদ আহসান উলাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শহীদের পরিবারের পক্ষ থেকে তার বাড়ি হায়দরাবাদ গ্রামে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে টঙ্গীতে শহীদ আহসান উলাহ মাস্টারের বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার সাথে নিহত রতন, হানিফ, মনির ও আফাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর দলীয় কার্যালয়সমূহে দোয়া অনুষ্ঠিত হবে। এসব দোয়া মাহফিল শেষে গরীব এতিমদের মাঝে তবারক বিতরণ করা হবে।
শহীদ আহসান উলাহ মাস্টারের পুত্র সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এক বিবৃতিতে তার পিতার শাহাদাৎ বার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া কামনা করে তার বাবা শহীদ আহসান উলাহ মাস্টারের ১৩তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচীতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। শহীদ আহসান উলাহ মাস্টার হত্যা মামলার বাদী তার ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি এক যুগেও শহীদ আহসান উলাহ মাস্টার হত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ও অবিলম্বে তার বড় ভাই আহসান উলাহ মাস্টারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।
উলেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামাত জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত এই শ্রমিক নেতা শহীদ আহসান উলাহ মাস্টার টঙ্গীর নিজ বাসভবন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মমভাবে নিহত হন। ওই দিন ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন সময়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের লেলিয়ে দেয়া চিহ্নিত সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহসান উলাহ মাস্টার এমপি নিহত হন। ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উলাহ মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী রুসতুমুনন্নেছা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান, এরপর গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। শহীদ আহসান উলাহ মাস্টার এমপি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গাজীপুরে সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকায় জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। এছাড়াও তিনি শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে শ্রমিক নেতা হিসেবে দেশে-বিদেশে খ্যাতি লাভ করেন।


