জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর আগে হোসেনপুর উপজেলার নয় এবং অন্যান্য উপজেলার ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
করোনা আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই-তিন দিন আগে শরীরে জ্বর, সর্দি, কাশি নিয়ে গ্রামের বাড়ি হোসেনপুর উপজেলায় এসেছিলেন।
পরে প্রশাসনের লোকজন খোঁজ পেয়ে তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন এবং তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে ভুগছিলেন এমন ১৫ জন রোগীর শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে হোসেনপুর উপজেলার একজনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
এ নিয়ে জেলাটিতে মোট ১১ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে।


