সিপি. ইনভেস্টিগেশন এজেন্সি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা। প্রতিটি ওয়ার্ডেই একাধিক প্রার্থী মাঠে নেমেছেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন এলাকায় দেয়ালজুড়ে পোস্টার, ব্যানার ও প্রচারণায় ছেয়ে গেছে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত।
তবে অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এসব পোস্টারের অনেক প্রার্থীর বিরুদ্ধে রয়েছে কিশোর গ্যাং লিডারশিপ ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ। স্থানীয়দের ভাষ্যমতে, কেউ এলাকায় প্রভাব বিস্তার করে কিশোর গ্যাং পরিচালনা করছেন, আবার কেউ সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বিভিন্ন পোস্টারে “সকলের দোয়া চাই” কিংবা “ভাইকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই” ধরনের স্লোগান ব্যবহার করা হলেও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা।
একাধিক সূত্রে জানা যায়, প্রতি ওয়ার্ডে ১০ থেকে ১৫ জন পর্যন্ত কাউন্সিলর প্রার্থী থাকতে পারেন। তাদের অনেকেই নিজেদের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী, এমনকি কিছু প্রার্থী ইতোমধ্যে নিজেদের ‘নিশ্চিত বিজয়ী’ হিসেবে প্রচার করছেন।
এদিকে প্রার্থীদের আশপাশে থাকা কিছু অনুসারী ও সুবিধাভোগী গোষ্ঠী তাদের অতিরিক্ত প্রশংসা করে মাঠে উৎসাহ জোগাচ্ছেন। “আপনার কোনো বিকল্প নেই”—এমন কথায় প্রার্থীরা আরও উৎসাহিত হয়ে উঠছেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরাও প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন। কোথাও কোথাও প্রার্থীর মা নিজেই মাঠে নেমে ভোট চাচ্ছেন—“আমার ছেলেকে একটি ভোট দিন”—এমন দৃশ্যও চোখে পড়ছে।
সচেতন মহলের প্রশ্ন—এ ধরনের বিতর্কিত ব্যক্তিরা নির্বাচিত হলে সাধারণ জনগণের কতটা উপকার হবে? নাকি উল্টো সমাজে অপরাধ ও অনিয়ম আরও বাড়বে?
নির্বাচনের আগে এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের নজরদারি এবং ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণই পারে ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।


