কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৮ নভেম্বর) তার জামিন মঞ্জুর করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন এএইচএম কামরুজ্জামান মামুন, মো. মাহমুদুল আরেফিন স্বপন, মো. জামিল আক্তার এলাহী ও মো. আরিফুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ।

এর আগে গত ১৩ সেপ্টেম্ববর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন অর্থাৎ ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলীয় জোটের স্থানীয় ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।