কুমিল্লায় এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার

কুমিল্লা :  বুধবার রাত ১০টার দিকে নগরীর লাকসাম রোডের কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতাল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু ফরহাদ মাহমুদ নামে হাসপাতালে চাকরি করতেন। গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ন হওয়ার ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসক পদে চাকরি নেন।

কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে বিষয়টি সিভিল সার্জনকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বুধবার রাতে কথিত চিকিৎসককে আটক করে পুলিশ।

আটককৃত মাহবুবুর রহমান কুমিল্লার দাউদকান্দির মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে। আটকের পর তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, এই সমস্ত ভুয়া ডাক্তারদের শাস্তি হওয়া উচিত। আমি কুমিল্লা টাওয়ার হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে, তারা একটু সময় নিয়ে হলেও ভুয়া ডাক্তারকে ধরতে পেরেছেন। মাহবুব একই নামে অন্য একজনের সার্টিফিকেট দিয়ে কিছু দিন চাকরি করেন। তার আনাড়িপনা দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি অবজারভেশন (পর্যবেক্ষণ) করে এবং পরবর্তীতে আমাকে জানায় এবং আমি পুলিশের সহায়তায় তাকে ধরিয়ে দিই।

গত বছরের ১ নভেম্বর মাহবুব কুমিল্লা টাওয়ারে এমডি বরাবর আবেদন করেন এবং নিয়োগ পান।